পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। মাত্র তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাঘের উপস্থিতি নজরে এসেছে বন বিভাগের সদস্যদের। এবার শরণখোলা রেঞ্জের কচিখালী টাইগার পয়েন্ট এলাকায় নদী সাঁতরে বনের ভেতরে প্রবেশ করতে দেখা যায় বাঘটিকে। বিরল এ দৃশ্য ভিডিওতে ধারণ করেছেন বনরক্ষীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে নিয়মিত টহলের সময় চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিম নদীতে সাঁতার কেটে অপর তীরে উঠতে থাকা বাঘটিকে দেখতে পায়। পরে সেটি দ্রুত লাফিয়ে বনের গভীরে চলে যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, টহলের সময় বাঘের দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। তবে বর্তমানে সুন্দরবনে বনজীবী, পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বন অনেকটাই নিরিবিলি। ফলে রয়েল বেঙ্গল টাইগারসহ অন্যান্য বন্যপ্রাণী স্বাভাবিক পরিবেশে অবাধে বিচরণ করছে।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের কার্যালয় চত্বরে একটি বাঘিনী প্রায় ১৫ মিনিট অবস্থান করেছিল। পরে সেটিও নিরাপদে বনের ভেতরে চলে যায়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে কঠোর নজরদারি ও বন-সংক্রান্ত অপরাধ কমে আসায় সুন্দরবনের পরিবেশ আরও নিরাপদ হয়েছে। এর ইতিবাচক প্রভাব বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণে দেখা যাচ্ছে বলে তাদের ধারণা।
প্রতিবেদকের নাম 



















