কাডুনা রাজ্যের একটি গ্রামে মধ্যরাতের হামলায় এলোপাতাড়ি গুলি ও অগ্নিসংযোগ; আহত আরও কয়েকজন, নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা স্থানীয়দের
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। হামলায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, সশস্ত্র হামলাকারীরা গভীর রাতে অতর্কিতভাবে গ্রামে ঢুকে নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করলে আগুনে পুড়ে অন্তত আট শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
মধ্যরাতে তাণ্ডব চালায় বন্দুকধারীরা
স্থানীয় নাগরিক সংগঠন সাউদার্ন কাডুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্ক–এর চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, রোববার গভীর রাতে কাউরা এলাকার নারিডন গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, একই গ্রামে গত বছরও একই সময়ে সশস্ত্র হামলা হয়েছিল। বারবার এমন ঘটনা ঘটলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নারী-শিশুসহ অনেকেই নিহত
স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া জানান, হামলাকারীরা মধ্যরাতের পর গ্রামজুড়ে তাণ্ডব চালিয়ে নির্বিচারে গুলি চালায়। তিনি দাবি করেন, কয়েকজনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং নিহতদের মধ্যে নারী ও বৃদ্ধের সংখ্যাও উল্লেখযোগ্য।
হামলার পর মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার আগে দুর্বৃত্তরা গ্রামের একাধিক বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব নিরাপত্তা বাহিনীর
স্থানীয়দের অভিযোগ, হামলার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে বলে দাবি তাদের।
এদিকে কাডুনা রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
প্রতিবেদকের নাম 
























