
ইসরাইলের দক্ষিণাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে দেশটির ইলাত শহরে ৪ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের কারণে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
এ ঘটনার পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড। নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থাপনা থেকে দূরে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাদের।
এদিকে ভূমিকম্পের পরপরই রামন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামোর অবস্থা যাচাই করতে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা।
পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় পরিদর্শন ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর আবারও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























