দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব ধরনের বাধা মোকাবিলা করে দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় অগ্রাধিকার পাচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প
প্রধানমন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, এ শিল্পের বিকাশে সমন্বিত পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।
কর-শুল্ক ছাড় ও স্টার্টআপে ৫০০ কোটি টাকার অনুদান
সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি বাজেটে এ খাতের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানির আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া কর-সুবিধা, বন্ড সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে এ শিল্পের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
দুই দিনের এ আয়োজনে রয়েছে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী।
আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণ
সামিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসের। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন।
সামিটের অংশ হিসেবে আয়োজিত ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-তে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ডিপ-টেক উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















