নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধি কমপ্লেক্সে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হকসহ নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।
গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগের কথা স্মরণ
দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সংবিধান প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তাদের নীতি ও আদর্শ অনুসরণ করে আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন আইনানুগ অধিকার নিশ্চিতভাবে পান, সেই পরিবেশ গড়ে তোলাই আইন কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব।
অপতথ্য রোধে গণমাধ্যমের প্রতি আহ্বান
গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা খণ্ডিত তথ্য প্রচার না করতে, যাতে দেশের অগ্রযাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।
নতুন নিয়োগ
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
এছাড়া গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 




















