পরিবারের নারীপ্রধানদের লক্ষ্য করে সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সংস্থা ‘ফেইম’ আয়োজিত ‘নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন সবসময় হয়নি। তবে গত পাঁচ দশকে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও সমাজে নারীদের অবদান দিন দিন বাড়লেও পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে সেই অনুযায়ী কাঙ্ক্ষিত স্বীকৃতি এখনো নিশ্চিত হয়নি। নারীদের আরও এগিয়ে নিতে সরকারি উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীর এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া যুগান্তকারী উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি।
তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে পরিবারে নারীর অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নিম্নআয়ের পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার পথও সহজ হবে।
সমাজকল্যাণ মন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 




















