নেত্রকোনার দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে এক প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মে) রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের তেরী বাজার এলাকায় ওয়াহিদুল ইসলাম বাসার সামনে বের হলে প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ওয়াহিদুল ইসলামকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওয়াহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।
পুলিশি অভিযান
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদের মা নুরনাহার এবং বোন জামাই মাজেদুলকে আটক করে। পরবর্তীতে রাতভর অভিযান চালিয়ে নেত্রকোনার মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























