নেপালের মনোরম পাহাড়ি পরিবেশে শুরু হয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। মহরতের মধ্য দিয়ে পোখারায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
‘শিকার’-এ অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এটিই তার প্রথম সিনেমা। রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটিতে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে কাজ করছেন।
অপু ও মুর্তজা পলাশ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, বড়দা মিঠু, শ্যাম ভট্টাচার্য, রনি ও আরও অনেকে।
প্রথম দিনের শুটিংয়ে অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু ও রজতাভ দত্তসহ অন্য অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। পরে সিনেমার শুভসূচনা উপলক্ষে আয়োজন করা হয় মহরত অনুষ্ঠান। সেখানে সিনেমার মঙ্গল কামনায় দোয়া করেন মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে সিনেমার কাজের সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
সিনেমাটিতে অভিনয়ে রাজি হওয়ার কারণ জানিয়ে অপু বিশ্বাস বলেন, নির্মাতা গল্প শোনানোর পরই তিনি সিনেমাটিতে কাজ করতে সম্মত হন। তার মতে, গল্পটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক নিয়েও তিনি উচ্ছ্বসিত।
অপু বিশ্বাস বলেন, ‘শিকার’-এর গল্প দর্শকের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত মুর্তজা পলাশও। তিনি জানান, গল্প পড়ে চরিত্রটি নিজের জন্য উপযুক্ত মনে হওয়ায় সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নেন। চরিত্রটির জন্য গত আট মাস ধরে নিজের লুক তৈরির প্রস্তুতিও নিয়েছেন তিনি।
মুর্তজা পলাশ বলেন, দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। সিনেমাটির গল্প দর্শকের মনে দাগ কাটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ি এলাকায় প্রায় এক মাস ধরে সিনেমাটির শুটিং চলবে। সীমান্তবর্তী এলাকার গল্প ও রোমাঞ্চকর নানা ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘শিকার’।
প্রথমে ওয়েব ফিল্ম হিসেবে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়া হলেও পরে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদকের নাম 




















