সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এক মাসের বেশি সময় হাসপাতালের আইসিইউ ও কেবিনে চিকিৎসা নিতে হয়েছে অভিনেত্রী মেঘলা মুক্তাকে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকের বিরুদ্ধে প্রত্যাশিত আইনগত ব্যবস্থা না হওয়ায় এবার ন্যায়বিচারের দাবিতে নিজেই রাস্তায় নেমেছেন তিনি।
গত ৪ অক্টোবর দুপুরে বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঘাতক গাড়ির মালিক ও চালকের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মেঘলা। এ সময় সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি।
তবে তার মূল প্রতিবাদের বিষয় নিয়ে আলোচনা না করে অবস্থান কর্মসূচির ব্যানারে বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
গত ২৮ জুলাই রাতে রাজধানীর বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় মুখ ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।
ঘটনার পর মেঘলার বন্ধু ও সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় একটি অভিযোগ করেন। পরে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয় অভিনেত্রীকে। প্রায় এক মাস আইসিইউ ও কেবিনে থাকার পর মুখে একাধিক অস্ত্রোপচার করা হয় তার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সম্প্রতি তিনি বাসায় ফেরেন।

এদিকে দুর্ঘটনার পর পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে মেঘলার পরিবার। তাদের অভিযোগ, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। পরে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় নতুন করে মামলা করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের কথা তাদের জানায়। তবে পরদিন সকালে আটক গাড়িটি দ্রুত আদালতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
এ অবস্থায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বনানী থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন মেঘলা। কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় ব্যানার তৈরির জন্যও পর্যাপ্ত সময় পাননি। তার এক ছোট ভাই নিজের উদ্যোগে ব্যানার তৈরি করে তাকে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
ব্যানারে বানান ভুল নিয়ে সমালোচনার জবাবে মেঘলা বলেন, প্রতিবাদের মূল বিষয় বাদ দিয়ে বানান ভুল নিয়ে আলোচনা করায় তিনি হতাশ। তার ভাষ্য, একজন মানুষ ন্যায়বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন—সেখানে তার কষ্ট, প্রশ্ন ও দাবির বদলে ব্যানারের একটি শব্দের বানান নিয়ে সমালোচনা করা হচ্ছে।
মেঘলা আরও বলেন, ‘আমাদের দেশে জন্ম নেওয়াটাই যেন ভুল। এই দেশে কিছু করাটাই ভুল। প্রতিবাদ করাটাও ভুল।’
তিনি প্রশ্ন তোলেন, একজন মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিবাদ করছেন, সেটি না বুঝে তার প্রতিবাদের ভাষা বা ব্যানারের বানান নিয়ে ব্যস্ত হওয়াই কি সমাজের বড় সমস্যা নয়।
অভিনেত্রীর দাবি, দুর্ঘটনার ঘটনায় দায়ী গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই তার মূল উদ্দেশ্য।
প্রতিবেদকের নাম 






















