রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার (৩ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুলশান–বাড্ডা লিংক রোড এলাকায় উন্নয়ন কাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সম্ভাব্য দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে গ্যাসের ভালভ বন্ধ করা হয়।
এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি আবাসিক ও কূটনৈতিক এলাকায় রান্নার গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে এবং কাজ সম্পন্ন হলেই ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
প্রতিবেদকের নাম 












