জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা বাতিল না হলে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের (পিওকে) মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে পুনঃএকত্রীকরণের দাবিতে রাস্তায় নামত বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওমর আবদুল্লাহ বলেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে ১৯৪৭ সালে পাকিস্তান থেকে আসা উপজাতীয় হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করে কাশ্মীরের ভারতভুক্তির সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল।
পিওকে-তে গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নিহত ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সেখানে গ্রেফতার ও কারাবন্দির ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
১৯৪৭ সালের প্রসঙ্গ তুলে ওমর তার দাদা এবং জম্মু-কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে পৌঁছানোর আগেই তার দাদা স্থানীয় মানুষকে সংগঠিত করে পাকিস্তানি হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
সীমান্তের ওপারের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করা না হলে পিওকের মানুষ আজ জম্মু-কাশ্মীরের সঙ্গে পুনঃএকত্রীকরণের দাবিতে রাস্তায় নামত।
তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীর বিধানসভায় পিওকের প্রতিনিধিদের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে। একদিন সেসব আসন পূরণ হবে—এই প্রত্যাশাতেই আসনগুলো রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিজেপির সমালোচনা
ওমর আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা তার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।
সুনীল শর্মার অভিযোগ, জাতীয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা উচিত ছিল। এর পরিবর্তে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
বিশেষ মর্যাদা পুনর্বহালের দাবি
এদিকে ২০১৯ সালের আগস্টে বাতিল হওয়া জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও অন্যান্য সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন ওমর আবদুল্লাহ।
তিনি বলেন, তার সরকার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনর্বহালের জন্য লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 




















