সংকটাপন্ন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে পুনরায় অন্তর্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। এ বিষয়ে তাদের জমা দেওয়া আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-ইওআই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের জমা দেওয়া ইওআই নীতিগতভাবে অনুমোদন করে তা হাইকোর্ট বিভাগের বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের বিদ্যমান নির্দেশনা ও প্রযোজ্য আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আদেশ চেয়ে আবেদন করা হবে।
তবে পরিচালনা পর্ষদ স্পষ্ট করেছে, এটি কাউকে তাৎক্ষণিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নয়। বরং আদালতের অনুমোদন ও নির্দেশনা পাওয়ার লক্ষ্যে একটি প্রক্রিয়াগত পদক্ষেপ মাত্র। ফলে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পরিচালনা পর্ষদে প্রত্যাবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে হাইকোর্ট বিভাগের আদেশের ওপর।
প্রতিবেদকের নাম 




















