রাজবাড়ীর বড় বাজারে পুলিশের উপস্থিতিতেই এক নারী উদ্যোক্তাকে মারধরের অভিযোগ উঠেছে। কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে জাকিয়া সুলতানা নামে ওই নারীকে লাথি ও ঘুষি মারার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় জাকিয়া সুলতানার দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার আবদুল্লাহ আল সিয়াম খান (১৯), একই এলাকার মো. রুবেল হোসেন (১৯) এবং ধূঞ্চি গ্রামের মো. হেলাল উদ্দিন (৩৮)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
চাকরি ছাড়ার পর শুরু বিরোধ
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী বড় বাজারের কাদরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর পাওনা বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, গত ২৩ আগস্ট ওই সাবেক কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে পাওনা বেতন দাবি করেন এবং জাকিয়া সুলতানাকে হুমকি দেন।
এর কয়েক দিন পর গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী বড় বাজারে বিষয়টি নিয়ে জাকিয়া সুলতানা ও স্থানীয় কাপড় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশের উপস্থিতির মধ্যেই এক নারী পুলিশ সদস্যের পাশে থাকা জাকিয়া সুলতানাকে কয়েকজন যুবক মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনা দেখা দেয়।
তিনজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত
ওসি উত্তম কুমার ঘোষ জানান, মামলা পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 




















