গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
গ্রিসের বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানটি ছিল এফ-৪ প্যানথম মডেলের। বিমানটি একটি বিমানঘাঁটিতে প্রদর্শনীতে অংশ নিয়েছিল। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর দর্শকদের সামনে বিভিন্ন কসরত প্রদর্শন করছিল। একপর্যায়ে এটি হঠাৎ ওপর থেকে নিচের দিকে নেমে গিয়ে বিমানঘাঁটির এলাকায় আছড়ে পড়ে।
দুর্ঘটনার সময় দুই পাইলট বিমান থেকে বের হতে পারেননি। ফলে বিধ্বস্ত যুদ্ধবিমানের ভেতরেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
তবে বিমানটি দর্শকদের সারি থেকে কিছুটা দূরে গিয়ে বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুই পাইলটের মৃত্যুর ঘটনায় বিমান প্রদর্শনীর বাকি আয়োজন বাতিল করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তার বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থলে যান।
প্রতিবেদকের নাম 




















