বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আর এতে দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ বাতাস দিচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানির দাম বেড়েছে—এমন দাবি করে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে বিশ্বের অনেক দেশেই বর্তমানে সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের সংবাদপত্র পড়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে রিজভী বলেন, এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের কিছুটা সাশ্রয় হতো।
তিনি বলেন, জনগণ এসব বিষয় বোঝে। নানা সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।
তিনি আরও বলেন, বর্তমানে বিরোধী দল যেভাবে নির্বিঘ্নে কথা বলার সুযোগ পাচ্ছে, গত ১৭ বছরে এমন সুযোগ ছিল না।
প্রতিবেদকের নাম 
























