চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে সিনেমাটির শুটিং সেটের কিছু ছবি ও ভিডিও অনলাইনে ফাঁস হলে নতুন করে আলোচনায় আসে প্রজেক্টটি।
ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায়, কেপ টাউনের লোকেশনে হাতে হাত রেখে হাঁটছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাদের স্বাভাবিক হাসিমুখ ও অনস্ক্রিন কেমিস্ট্রি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তের ধারণা, এটি ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বা ফ্ল্যাশব্যাক অংশ হতে পারে।
সিনেমাটিতে শাহরুখ খান-এর সঙ্গে আবারও কাজ করছেন দীপিকা পাড়ুকোন, যিনি বর্তমানে সন্তানসম্ভবা। ফলে শুটিং সেটের এই উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি চমক হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগেই সিনেমাটির কিছু স্বত্ব বিক্রির খবরও এসেছে।
শাহরুখ ও দীপিকা এর আগে একসঙ্গে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘পাঠান’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেছেন। ফলে ‘কিং’ নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন অনেক বেশি।
প্রতিবেদকের নাম 




















