বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার।
সোমবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা যাচাই করে তাদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে সাবেক রাখাইনবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে।
তবে স্বীকৃতি দেওয়া হলেও রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাচাই করা তালিকার মধ্যে ৪ হাজার ২৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে তাদের বড় অংশ কক্সবাজারসহ বিভিন্ন শিবিরে অবস্থান করছে।
এদিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে এখনই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছে মিয়ানমার।
দেশটি আরও জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন মূলত বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয়। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দেশ প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা রাখাইনে ফিরে যেতে পারেনি।
প্রতিবেদকের নাম 




















