লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর্জেন্টাইন মহাতারকার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)সহ বিশ্বের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিওর একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বার্সেলোনার সভাপতি ও পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে মেসি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। লিওনেল মেসির ক্যারিয়ারের শুরু থেকে সেরা সময় পর্যন্ত ক্লাবটির ওপর আস্থা রাখার জন্য হোর্হের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে কাতালান ক্লাবটি।
মাত্র ১৩ বছর বয়সে ছেলেকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন হোর্হে। মেসির চিকিৎসা ও ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিতে নেওয়া সেই সিদ্ধান্তই পরবর্তী সময়ে বদলে দেয় ফুটবলের ইতিহাস। বার্সেলোনায় দুই দশকের বেশি সময় কাটিয়ে ক্লাবটির অন্যতম সেরা কিংবদন্তিতে পরিণত হন মেসি।
মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ক্লাবের বিবৃতিতে হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মেসি, তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
হোর্হেকে স্মরণ করে বিস্তারিত শোকবার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। তার সম্মানে দেশটির সব পর্যায়ের ফুটবল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফরা কালো বাহুবন্ধনী পরবেন। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এএফএর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে মেসি ও তার পরিবারের উদ্দেশে দেওয়া বার্তায় বলা হয়েছে, এই কঠিন সময়ে পুরো দেশ তাদের অধিনায়কের পাশে রয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করে মেসি ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। একইভাবে শোকবার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল, ফ্রান্সের লিগ ওয়ান ও ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।
ইউনিসেফ আর্জেন্টিনা তাদের বার্তায় হোর্হেকে শিশুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিশীল ব্যক্তি ও সংস্থাটির একজন সহায়তাকারী হিসেবে স্মরণ করেছে। ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি।
এ ছাড়া আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ, নিউয়েলস ওল্ড বয়েজ ও রোসারিও সেন্ট্রালসহ দেশটির বেশ কয়েকটি ক্লাবও হোর্হের মৃত্যুতে শোক জানিয়েছে। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস তাকে ছেলের ক্যারিয়ারের নেপথ্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছে।
দীর্ঘদিন মেসির প্রতিনিধি ও সবচেয়ে আস্থাভাজন পরামর্শক হিসেবে কাজ করেছেন হোর্হে। বার্সেলোনার সঙ্গে চুক্তি থেকে শুরু করে প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মায়ামিতে দলবদল—ছেলের ক্যারিয়ারের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই তার ভূমিকা ছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসির সাবেক ক্লাব পিএসজি ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















