বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ সিদ্ধান্ত গত ৬ জুলাই অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত হয়।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সকল প্রার্থীকে নির্ধারিত ওয়েবলিংকের মাধ্যমে অনলাইনে নিজ নিজ ফরম পূরণ এবং প্রোফাইল সাবমিট করতে হবে। নির্ধারিত লিংকে প্রোফাইল সাবমিট না করলে কোনো প্রার্থীর প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ইস্যু করা হবে না।
এছাড়া পরীক্ষা-বিধি অনুযায়ী, পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী (রি-অ্যাপিয়ার) প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ ও ফি পরিশোধ এবং নিয়মিত (রেগুলার) প্রার্থীদের প্রোফাইল সাবমিট সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
পরীক্ষা-সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও বিজ্ঞপ্তি বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রতিবেদকের নাম 




















