বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, এখন থেকে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ ও সরকারি ফি পরিশোধ করে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মোটরযান মেরামত কারখানা স্থাপন বা পরিচালনা করতে পারবে না।
সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ধারা ৬৪(১) অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। বিআরটিএ স্পষ্ট করেছে, সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সব ব্যক্তি ও বেসরকারি সংস্থাকে অবশ্যই বিধিমালা অনুযায়ী লাইসেন্স নিতে হবে। এই নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএ আরও জানিয়েছে, ঢাকা বিভাগের অধীন এলাকায় লাইসেন্স পেতে হলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্ধারিত ফরম-৪০ ব্যবহার করে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং কার্যালয়ে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
- কারিগরি দক্ষ অটোমোবাইল কর্মীর প্রমাণপত্র
- আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবস্থা
- অন্তত ৫টি গাড়ি রাখার মতো নিজস্ব জায়গার প্রমাণ
- হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন ও আয়কর সনদ
- স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশ
- আর্থিক সক্ষমতার প্রমাণ
বিআরটিএ জানিয়েছে, এসব শর্ত পূরণ না করে কোনোভাবেই বৈধভাবে মোটরযান মেরামত কারখানা চালানো যাবে না।
প্রতিবেদকের নাম 




















