জ্বালানি সংকট ও শিডিউল লোডশেডিংয়ের জন্য বিএনপি সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তার দাবি, নির্বাচনকে কেন্দ্র করে সংকট সমাধানের আশ্বাস দেওয়া হলেও ক্ষমতায় এসে সরকার সংকটের সুযোগে অনিয়ম ও দুর্নীতির পথ তৈরি করেছে।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপ, জ্বালানি পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
দেশের বিভিন্ন গ্যাস পাম্পে গাড়ির দীর্ঘ সারির প্রসঙ্গ তুলে সরোয়ার তুষার বলেন, জ্বালানি সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার সময় দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ১৮০ দিনে দেশের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের সমালোচনা করে তিনি বলেন, জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তার যাওয়ার পরই ওই এলাকা সরকারের নিয়ন্ত্রণে এসেছে। অথচ পাশের রাউজানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সেখানে তিনি যাননি বলে অভিযোগ করেন তুষার।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, মতপ্রকাশে হস্তক্ষেপের জন্য ৯৫ কোটি টাকা ব্যয়ে মনিটরিং সরঞ্জাম কেনা হয়েছে এবং এসব সরঞ্জাম গণমাধ্যমে হস্তক্ষেপের কাজে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে মিডিয়া সংস্কারের প্রতিশ্রুতির বিপরীতে গণমাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগও করেন তিনি।
সরোয়ার তুষার আরও দাবি করেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনসংক্রান্ত আইন ২০০৯ সালের আইনের তুলনায় দুর্বল করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের আমলে ‘মব’ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দাবি করে এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে এবং বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিএনপি পাঁচ বছরও ক্ষমতায় থাকতে পারবে না। প্রয়োজন হলে রাজপথে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বীকার করলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন সরোয়ার তুষার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।
প্রতিবেদকের নাম 




















