
জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নেওয়া সরকার কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘দিল্লির কোনো চাপের কাছে নতি স্বীকার করে সরকার পরিচালনার কোনো সুযোগ নেই।’
বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ জুলাই গণহত্যার ঘটনায় সুষ্ঠু ও ন্যায়বিচার প্রত্যাশা করে। সরকার সেই বিচার নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।’
অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের ধরন নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে স্বামী-স্ত্রী কিংবা রাখীবন্ধনের মতো সম্পর্ক তৈরির কথা বলত। কিন্তু বাংলাদেশ ও ভারত দুটিই পৃথক ও স্বাধীন রাষ্ট্র। দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক মূল্যবোধ, সম্মান ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে।’
ভারতের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
প্রতিবেদকের নাম 



















