
চলতি বছর মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ঘরোয়া ক্রিকেটে দর্শকদের আগ্রহ ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরের নাম ও কাঠামো পরিবর্তন করে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
বিপিএল এক বছর বিরতি দিয়ে আগামীতে আরও গোছানো ও পরিকল্পিতভাবে আয়োজনের কথা ভাবছে বোর্ড। এরই অংশ হিসেবে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন এই প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্টের পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু। তার মতে, নতুন এই উদ্যোগ দেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
নান্নু জানান, টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটারদের আর্থিক ও পেশাদার সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে দল পরিচালনা ও ক্রিকেটের উন্নয়নে তাদের দায়িত্বও আরও বাড়বে।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে দল পরিচালনা ও নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করা হচ্ছে নতুন এই টুর্নামেন্টের জন্য। দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির।
দেশব্যাপী ম্যাচ আয়োজন করা হলে আঞ্চলিক ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে উঠে আসা তরুণ ক্রিকেটারদের বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট মাঠে গড়ানোর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 



















