যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে সহযাত্রীকে হামলা এবং এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালাগাল করার অভিযোগে এক যাত্রীকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে।
৬৭ বছর বয়সী আর্থার লুন্ডিন নামের ওই যাত্রী অ্যারিজোনার বাসিন্দা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) টেক্সাস থেকে নিউ জার্সির নিউয়ার্কগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
সহযাত্রীর গলা চেপে ধরার অভিযোগ
প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্লাইটের প্রায় দুই ঘণ্টা পর লুন্ডিন তার পাশে বসা এক যাত্রীর গলা চেপে ধরেন। তাকে থামাতে একজন কৃষ্ণাঙ্গ নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট, সাবেক এক পুলিশ কর্মকর্তা এবং কয়েকজন যাত্রী এগিয়ে আসেন।
এ সময় লুন্ডিন বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালাগাল করেন বলেও অভিযোগ রয়েছে। নারীদের প্রতিও তিনি আপত্তিকর আচরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লুন্ডিনকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখা হয়েছে। তার দুই হাত জিপ টাই দিয়ে বাঁধা ছিল।
‘মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়’
সাবেক পুলিশ কর্মকর্তা হুয়ান মেহিয়া বলেন, ঘটনাটি হঠাৎ করেই ঘটে। মুহূর্তের মধ্যে বিমানের শান্ত পরিবেশ চিৎকার ও বিশৃঙ্খলায় পরিণত হয়।
মেহিয়ার ভাষ্য অনুযায়ী, তিনি পেছনে ফিরে দেখেন, লুন্ডিন পাশের সিটে থাকা এক যাত্রীর গলায় হাত দিয়ে হামলা করছেন। এরপর কয়েকজন মিলে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
তখন লুন্ডিন বর্ণবাদী গালাগাল ও অশালীন ভাষা ব্যবহার করেন বলেও দাবি করেন মেহিয়া।
অবতরণের পর হেফাজতে লুন্ডিন
বিমানটি বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে (বিডব্লিউআই) অবতরণ করা পর্যন্ত মেহিয়া লুন্ডিনের সঙ্গে ছিলেন। বিমান অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানে উঠে তাকে হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, বিমানের ভেতরের ঘটনায় লুন্ডিনের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এবং দ্বিতীয় মাত্রার হামলার অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টা ১৫ মিনিটে বিমানটি বিডব্লিউআই বিমানবন্দরে অবতরণের জন্য গতিপথ পরিবর্তন করে। ঘটনাটি তদন্ত করছে সংস্থাটি।
ফেডারেল অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত পরে
এফবিআই জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তের পর ফেডারেল অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে মেরিল্যান্ড জেলার ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে পরামর্শ করা হবে।
আগেও বিমানে ডাক্ট টেপ ব্যবহারের ঘটনা
যুক্তরাষ্ট্রে এর আগেও বিমানের ভেতরে যাত্রীকে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে মিলওয়াকি থেকে ডালাসগামী একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের দরজা জোর করে খোলার চেষ্টা করেন এবং এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করেন। পরে তাকেও সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল।
এফএএর তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ১৬০টির বেশি উচ্ছৃঙ্খল যাত্রীর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। কোনো যাত্রী বিমানকর্মীদের হামলা, হুমকি, ভয় দেখানো বা কাজে বাধা দিলে ফৌজদারি শাস্তির পাশাপাশি এফএএ ৪৩ হাজার ডলারের বেশি জরিমানাও করতে পারে।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
প্রতিবেদকের নাম 




















