টেকসই উন্নয়ন ও উচ্চশিক্ষার আন্তর্জাতিক মূল্যায়নে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিং-২০২৬ এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এ র্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের মোট ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। একই সঙ্গে বিইউবিটি বৈশ্বিক সামগ্রিক র্যাংকিংয়ে ১০০১-১৫০০ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
এ অর্জন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার বজায় রেখে ভবিষ্যতেও উৎকর্ষের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকলের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিইউবিটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিবেদকের নাম 

























