শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি পর্যায়ের অনিষ্পন্ন অডিট আপত্তি ও সংশ্লিষ্ট আর্থিক তথ্য দ্রুত জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের গত ২৮ জুন অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছকে আগামী ৬ ও ৭ জুলাইয়ের মধ্যে সব তথ্য ও বিবরণী সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জমা দিতে হবে।
সূত্র জানায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অডিট শাখা থেকে ২৯ জুন এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরবর্তীতে ৩০ জুন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পৃথকভাবে জরুরি পত্র জারি করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট ও আইন) ড. রেজা হাসান মাহমুদের সই করা নির্দেশনায় পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল স্কুল ও কলেজসহ অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা এবং সংশ্লিষ্ট আর্থিক পরিমাণ নির্দিষ্ট ছকে উল্লেখ করে পাঠাতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যক্তি পর্যায়ের অনিষ্পন্ন অডিট আপত্তির প্রকৃত সংখ্যা এবং সংশ্লিষ্ট অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















