যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক পণ্যবাজারে এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি তেলের দাম ও মার্কিন ডলারের মান বেড়েছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এশিয়ার লেনদেনে স্পট গোল্ডের দাম প্রায় ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬ দশমিক ২৪ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭ ডলারে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে অপরিশোধিত তেলের দাম বাড়ছে এবং ডলারের মান শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা আর কার্যকর নেই বলে ঘোষণা দেন। এরপর মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখতে নতুন সামরিক অভিযান শুরুর কথা জানায়। এসব ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়।
বিশ্লেষকদের ধারণা, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। এ পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে। পাশাপাশি ব্যাংক অব আমেরিকা ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস কমিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করেছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারে স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমেছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ করে বেড়েছে।
সূত্র: রয়টার্স।
প্রতিবেদকের নাম 





















