দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, বিকাশ এজেন্ট এবং প্রবাসফেরত যাত্রীরা এসব ডাকাত দলের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
ডাকাতরা কখনও সড়কে পেরেকযুক্ত কাঠ বা গাছের গুঁড়ি ফেলে যানবাহন থামাচ্ছে, কখনও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে পথরোধ করছে। আবার কোথাও গোপন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনাও ঘটছে। কক্সবাজার, কুমিল্লা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় যাত্রীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট
রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের অস্ত্রধারী একটি দল সড়কে পেরেকযুক্ত কাঠ ও গাছের গুঁড়ি ফেলে বাসটির গতিরোধ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বাসে উঠে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধিকে লক্ষ্য করে হামলা চালায়।
ডাকাতরা এক কর্মীকে ছুরিকাঘাত করে এবং অপরজনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫৭ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বাসচালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া অর্থ উদ্ধারে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে।
কুমিল্লায় মহাসড়কে সক্রিয় সংঘবদ্ধ চক্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, প্রাইভেটকার, মাইক্রোবাস ও প্রবাসফেরত যাত্রীদের লক্ষ্য করে রড, পাথর ও ডিম ছুড়ে গাড়ি থামিয়ে ছিনতাই করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্যরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে অবস্থান করছে এবং বিদেশি সিম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে।
হবিগঞ্জে পুলিশ সেজে ডাকাতি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে পুলিশের পোশাক পরে একটি সংঘবদ্ধ দল একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের জিম্মি করে।
ডাকাতরা নগদ ৯৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং গাড়িটি ছিনিয়ে নেয়। পরে অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক
গত ১৪ জুলাই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
তাদের কাছ থেকে একটি পিকআপ, হাইড্রোলিক জ্যাক, কাটার, লোহার পাইপ, রেঞ্চ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
মহাসড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ
পরপর একাধিক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। সম্প্রতি অপরাধ পর্যালোচনা সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ মহাসড়কে ডাকাতি প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সভায় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
যাত্রীদের দাবি
পরিবহন চালক ও যাত্রীরা বলছেন, শুধু প্রধান মহাসড়ক নয়, ঝুঁকিপূর্ণ লিংক রোড ও নির্জন এলাকাতেও ২৪ ঘণ্টা মোবাইল টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। তাদের মতে, কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে মহাসড়কে যাত্রীদের জীবন ও সম্পদের ঝুঁকি আরও বাড়তে পারে।
প্রতিবেদকের নাম 



















