
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নতুন করে আদালতে একটি মামলা আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।
আদালত আবেদন গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন।
মামলার তালিকায় সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৮ জন ছিলেন শিক্ষার্থী। দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান।
প্রতিবেদকের নাম 




















