
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপন করা হলে তেজগাঁও টোল প্লাজাসহ পুরো এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
তেজগাঁওয়ে চাপের মূল কারণ
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে টোল আদায়ের ধীরগতি ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট যানজট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প। এটি তিন ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ কাওলা থেকে বনানী রেলস্টেশন, দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং এবং তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।
ইতোমধ্যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের আংশিক অংশ—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত—জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ছয় টোল প্লাজার মধ্যে চাপ বেশি দুইটিতে
শেখ রবিউল আলম জানান, চালু থাকা অংশে বিমানবন্দর, কুড়িল, বনানী-১, বনানী-২, মহাখালী ও তেজগাঁও—এই ছয়টি স্থানে টোল প্লাজা রয়েছে। এর মধ্যে বিমানবন্দর ও তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের চাপ তুলনামূলক বেশি।
তিনি বলেন, বর্তমানে তেজগাঁও টোল প্লাজা ব্যবহার করেই উত্তর দিকে বনানী, কুড়িল ও বিমানবন্দরের দিকে যাওয়া যায়। তবে এক্সপ্রেসওয়ের মূল নকশায় তেজগাঁওয়ের পাশাপাশি সোনারগাঁও গোলচত্বর থেকে আরও একটি র্যাম্পের মাধ্যমে উত্তর দিকে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। ওই র্যাম্পের নির্মাণকাজ বর্তমানে চলছে।
মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগের উদ্যোগ
মন্ত্রী জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তার মতে, ওই র্যাম্প, টোল প্লাজা এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করা হলে তেজগাঁও টোল প্লাজাসহ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সাত লেনে ইটিসি চালু
চালু থাকা অংশে টোল আদায় আরও দ্রুত ও কার্যকর করতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বিমানবন্দরের ছয়টি টোল লেনের মধ্যে দুটি, কুড়িলের ছয়টির মধ্যে দুটি, বনানী-১-এর পাঁচটির মধ্যে একটি এবং তেজগাঁও টোল প্লাজার চারটির মধ্যে দুটি লেনে ইটিসি চালু হয়েছে। সব মিলিয়ে সাতটি লেনে এ ব্যবস্থা রয়েছে।
৩০ আগস্ট পর্যন্ত ইটিসি ব্যবস্থায় নিবন্ধিত গাড়ির সংখ্যা ১ হাজার ৮৭৭টি বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















