মাগুরায় এক গ্রাহকের নামে প্রায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি টাকা
পল্লী বিদ্যুৎ সমিতির বিলের তথ্য অনুযায়ী, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মঘি গ্রামের মোছা. আলেয়া খাতুনের চলতি সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
অথচ এক মাসে তিনি বিদ্যুৎ ব্যবহার করেছেন মাত্র ২৩৫ ইউনিট। গত ৮ সেপ্টেম্বর মিটারের রিডিং ছিল ৩৯৫ ইউনিট। এর আগে ৮ আগস্ট রিডিং ছিল ১৬০ ইউনিট। অর্থাৎ এক মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
ডিমান্ড চার্জই ৪৮২ কোটি টাকা
বিলে এক মাসের বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ হিসেবে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা দেখানো হয়েছে। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব জরিমানাসহ বিলের পরিমাণ ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব জরিমানাসহ সেই বিলের পরিমাণ দাঁড়াত ২ হাজার ৫৬ টাকা।
অস্বাভাবিক এই বিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এত বড় অঙ্কের বিল তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরখাস্ত করা হয়েছে এবং গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী।
প্রতিবেদকের নাম 























