যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সুরক্ষিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর প্রবেশপথ বন্ধ করে সেখানে মাইন স্থাপন করেছে এবং কয়েকটি গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগের তুলনায় বর্তমানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এমনকি প্রয়োজন হলে ইরানের নিজের পক্ষেও তা উদ্ধার করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এসব স্থানে প্রবেশের জন্য ভারী খননযন্ত্র ও মাইন অপসারণের বিশেষ ব্যবস্থা প্রয়োজন হবে, যা অত্যন্ত জটিল ও বিপজ্জনক প্রক্রিয়া।
ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ‘পরমাণু উপাদান অপসারণ’ বিভাগের সাবেক প্রধান স্কট রোয়েকার বলেন, তথ্যগুলো সত্য হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। ভবিষ্যতে ইরান এসব উপাদানে পুনরায় প্রবেশাধিকার পাবে না—এমন নিশ্চয়তাও দেওয়া কঠিন হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
ইরানের পরমাণু কর্মসূচি দীর্ঘদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কারণ। এর আগে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে সামরিক সংঘাতও দেখা যায়। যদিও ব্যাপক হামলার পরও সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
তবে ইউরেনিয়াম ভাণ্ডার ঘিরে নতুন এই তথ্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক কূটনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
প্রতিবেদকের নাম 

























