যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটাও’ তেল বা গ্যাস যেতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ চলবে, ততদিন হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না। তাদের দাবি, এই নৌপথ দিয়ে পেট্রোকেমিক্যাল পণ্য, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও নিরাপদে পরিবহন করা সম্ভব হবে না।
একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকারও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত একটি মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবার প্রকাশিত আরেক বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির কথিত অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী জাহাজ দুটিকে ওই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল।
তবে বিবৃতিতে ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের পরিচয় বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইআরজিসির এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান।
প্রতিবেদকের নাম 






















