লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজ হওয়ার পর ১৪ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক মো. রাজীবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পরিবারকে ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজীব। এরপর সে আর ফেরেনি। রাত গভীর হওয়ার পর পরিবারের কাছে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার তখন দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পাশের একটি নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজীবকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
নিহত রাজীব রায়পুর উপজেলার দক্ষিণ গাইয়ার চর এলাকার অটোরিকশাচালক মোস্তফা মিয়ার ছেলে।
রাজীবের মামা জানান, রাতে ফোন করে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে তাদের ধারণা।
রায়পুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টি যাচাই করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
প্রতিবেদকের নাম 






















