যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ শরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। নৈশভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নৈশভোজ কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আগামী দিনের রাজনৈতিক সমন্বয় ও জোটের কার্যক্রম নিয়ে আলোচনা ও সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদকের নাম 
























