টানা বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা ও জলাবদ্ধতার কারণে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তবে সেখানে গিয়ে অনেকেই শিশুদের উপযোগী খাবার ও পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ করেছেন।
বুধবার (৮ জুলাই) নিম্নচাপজনিত টানা বৃষ্টিতে জেলার স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ে। পাহাড়ধস ও বন্যার ঝুঁকি এড়াতে বিভিন্ন এলাকার মানুষ আশ্রয় নিতে শুরু করেন জেলার নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাঙামাটির ২১২টি আশ্রয়কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত সাতটিতে প্রায় ৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে পাহাড়ি ঢলে বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে।
শহরের লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের জন্য রান্না করা খাবার ও শুকনো খাবারের ব্যবস্থা থাকলেও শিশুদের জন্য দুধ, সুজি বা বয়স উপযোগী খাবারের আলাদা কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন আশ্রিতরা। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও তাদের দুর্ভোগ বাড়িয়েছে।
আশ্রয় নেওয়া জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার সকালেই পাহাড়ধসের ঝুঁকিতে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন। এখানে নিয়মিত খাবার দেওয়া হলেও ছোট শিশুদের জন্য কোনো আলাদা খাবারের ব্যবস্থা নেই।
একই আশ্রয়কেন্দ্রে থাকা তাসলিমা আক্তার বলেন, শিশুদের জন্য উপযোগী খাবার না থাকায় বাধ্য হয়ে বাজার থেকে কেক-বিস্কুট কিনে খাওয়াতে হচ্ছে। বাড়িতে থাকলে অন্তত খিচুড়ি বা নরম খাবার রান্না করে দেওয়া যেত।
মাবিয়া আক্তার অভিযোগ করেন, সকালে দীর্ঘ সময় বিশুদ্ধ পানির সংকট ছিল। বিদ্যুৎ চলে গেলে পানি সরবরাহও বন্ধ হয়ে যায়, ফলে শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মহালছড়ি এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কয়েকটি স্থানে পাহাড়ধসের কারণে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, কাচালং নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে মাস্টারপাড়া এলাকায় সড়ক ও কয়েকটি বাড়িতে পানি ঢুকেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তবে আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি করেছে জেলা প্রশাসন। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, দুর্যোগের সময় সবার জন্য আলাদা খাবার প্রস্তুত করা কঠিন হলেও নিয়মিত রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে শিশুদের জন্য বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করা হবে। বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ পেলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বাঘাইছড়ি ও বিলাইছড়ির কয়েকটি এলাকায় এখনও মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে প্রশাসনের দল কাজ করছে। আশ্রয় নেওয়া সবাইকে নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে এবং দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি 
























