২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপি কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়েসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার একটি আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলাটি করেন নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিট যুবদলের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। বুধবার আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নাম রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবীর নানক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে।
মামলায় সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম এবং সাবেক এমপিদের নামও রয়েছে।
সাবেক সরকারি কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনসহ আরও কয়েকজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কয়েকজন আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি ও এসবির সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
মামলার আসামিদের তালিকায় আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, নজিবুল্লাহ হিরু, মোশাররফ হোসেন কাজল ও খুরশীদ আলম খানের নামও রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় তিনি ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং নিয়মিত আন্দোলনে অংশ নিতেন।
২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই আন্দোলনের শেষ দিনে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। অভিযোগ অনুযায়ী, দুপুর ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেদকের নাম 




















