বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতই রুগ্ন হয়ে পড়েছিল। লুটপাট, দুর্নীতি ও দলীয়করণই তাদের মূল উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, কমিশন ও দুর্নীতির কারণে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। জাতীয়তাবাদী দল করার কারণে অনেকের পদায়ন হয়নি। অনেক চিকিৎসককে ওএসডি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যান, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এমএসএস হাসান আল জামীর। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদ।
এ সময় নরসিংদীর সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, জেলা ড্যাবের সহসভাপতি ডা. একিউএম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 























