দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের মধ্যে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে লুটপাটের অভিযোগ উঠেছে।
ইসরাইলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা কিছু রিজার্ভ সেনা ইউনিটের সদস্যরা যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যক্তিগত সম্পদ ও মূল্যবান জিনিসপত্র লুট করছে। অভিযোগ অনুযায়ী, সেনারা ঘরবাড়ি থেকে আসবাবপত্র, অলঙ্কার, কম্বল এমনকি ব্যক্তিগত স্মৃতিচিহ্ন ও ছবি পর্যন্ত নিয়ে যাচ্ছে।
একজন রিজার্ভ সেনার বরাতে জানানো হয়, অনেক ক্ষেত্রে সেনারা শূন্য ঘরবাড়ি ও দোকান থেকেও জিনিসপত্র নিয়ে গেছে। এমনকি কিছু ঘটনায় কমান্ডাররা এসব লুট করা মালামাল ইসরাইলে নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, গাজা যুদ্ধকালেও একই ধরনের অভিযোগ উঠেছিল সেনাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সেনাপ্রধান পর্যায় থেকে সতর্কবার্তা দেওয়া হলেও মাঠপর্যায়ে শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযোগ সেনাবাহিনীর শৃঙ্খলা ও আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: আলজাজিরা।
প্রতিবেদকের নাম 

























