বগুড়ার সান্তাহার থেকে বোনারপাড়া রুটে চলাচলকারী যাত্রীবাহী ৪৯১ আপ ট্রেনে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও যাত্রীদের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের এই ট্রেনের অধিকাংশ বগিতে সন্ধ্যার পর আলো জ্বলে না। বগিতে লাগানো ছোট এলইডি বাতিগুলো অনেক সময় জ্বলে না বা খুবই মৃদু আলো দেয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ৮টি বগির মধ্যে মাত্র ২টিতে আলো ছিল। আবার বুধবার রাতে একই ট্রেনে ৮টির মধ্যে ৩টি বগি সম্পূর্ণ অন্ধকার ছিল বলে জানান যাত্রীরা।
অন্ধকারের কারণে যাত্রীরা ট্রেনে ওঠা-নামার সময় পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকেন। অনেক সময় শিশুরা ভয় পেয়ে কান্নাকাটিও করে। নিরাপত্তার স্বার্থে অনেকে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে চলাচল করেন।
যাত্রীদের অভিযোগ, শুধু আলো নয়—ট্রেনের বগির ফ্যানও অনেক সময় কাজ করে না এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থাও সন্তোষজনক নয়। এতে নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ আরও বাড়ছে বলে তারা জানান।
এ বিষয়ে কাহালু রেলস্টেশনে ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, ব্যাটারিচালিত বাতির কারণে কিছু সমস্যা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্টেশন মাস্টার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
প্রতিবেদকের নাম 





















