
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে সম্পন্ন হয়েছে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ। বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিস, ঢাকার উদ্যোগে গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন মিস ত্রিশিতা মাউলা। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ যৌথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ বাংলাদেশ কোস্ট গার্ডের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 
























