সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের ফাঁদে পা না দেওয়ার আহ্বান
দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার মাধ্যমে তারা অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কেউ যদি এ ধরনের প্রতারণামূলক বার্তা পান, তাহলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 




















