
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬,
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া আগের জামিন বহাল থাকল।
আইনজীবীরা জানিয়েছেন, খায়রুল হকের বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি আপাতত কারামুক্ত হতে পারছেন না।
এর আগে গত ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় এবং ১১ মার্চ আরও একটি মামলায় তাকে জামিন দেন। পরে এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। তবে আপিল বিভাগ শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সময়ের হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা।
২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক এবং ২০১১ সালে তিনি অবসরে যান। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রতিবেদকের নাম 




















