
দেশের অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। একই সময়ে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি হয়েছে।
সিপিডির পর্যালোচনা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিনটি প্রধান শিল্পাঞ্চল—গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীতে ৯৫টি শিল্পকারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক।
সোমবার সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ঘুরে দাঁড়ানোর গতি আশানুরূপ নয়
গত ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ছয় মাসের পর্যালোচনায় এ দুই ক্ষেত্রেই আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকিং খাতের দুরবস্থা, অনাদায়ী ঋণ, অর্থ পাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ পেয়েছে। তবে এসব সমস্যা মোকাবিলা করে অর্থনীতিকে দ্রুত ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে প্রত্যাশিত গতি দেখা যাচ্ছে না।
সিপিডির মূল্যায়নে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও মব কালচার বন্ধের ক্ষেত্রেও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যায়নি বলে মন্তব্য করা হয়।
বেসরকারি বিনিয়োগে ধীরগতি
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়াকে অর্থনীতির জন্য বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেছে সিপিডি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে। একই সময়ে মূলধনি যন্ত্রপাতির জন্য ঋণপত্র খোলার প্রবৃদ্ধিও ইতিবাচক অবস্থা থেকে নেতিবাচক হয়েছে।
এ ছাড়া নিট বিদেশি বিনিয়োগও কমেছে। উৎপাদন খাতের প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় চলে যাওয়ায় পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছে সিপিডি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রিজার্ভ বৃদ্ধি বা পুঁজিপণ্য আমদানির মতো কিছু সূচক ইতিবাচক দেখা গেলেও এসব সূচকের পেছনের কারণও বিবেচনা করা প্রয়োজন। বিনিয়োগ কম থাকায় আমদানি কমছে এবং এর প্রভাবেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিন শিল্পাঞ্চলে বন্ধ ৯৫ কারখানা
সিপিডির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে।
কারখানাগুলো বন্ধ হওয়ায় মোট ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে প্রায় ৪২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন হবে। বর্তমান পরিস্থিতিতে রাজস্ব আদায়কেও উদ্বেগজনক বলে মনে করছে সিপিডি।
সরকারকে ‘আড়াই-তলা’ কাঠামো বললেন দেবপ্রিয়
সরকারের কাঠামো নিয়েও মন্তব্য করেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন পদমর্যাদার বিশেষ সহকারীদের নিয়ে গঠিত বর্তমান কাঠামোকে তিনি ‘আড়াই-তলা সরকার’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের তুলনায় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বেশি জনপ্রিয়। তবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক সাহসের সঙ্গে নিজের দলের লোকজনকে সঠিক পথে পরিচালনা এবং প্রশাসনকে কার্যকরভাবে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ।
নতুন পে-স্কেল নিয়ে দ্রুত সিদ্ধান্তের তাগিদ
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়েও কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সাহসের ঘাটতি রয়েছে। বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সমস্যা কমবে না; বরং সময় যত যাবে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তার মতে, আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা যেতে পারে। শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
সিপিডির সামগ্রিক মূল্যায়নে, অর্থনীতির কিছু সূচকে অগ্রগতি হলেও বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
প্রতিবেদকের নাম 




















