ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সেই উন্মাদনার অংশ হিসেবে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা।
প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে গ্রামের বিভিন্ন বয়সী সমর্থকরা সম্মিলিত উদ্যোগে এই বিশাল পতাকা টাঙিয়েছেন। স্থানীয়দের দাবি, এটি এলাকাজুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
শুধু পতাকা টাঙিয়েই থেমে থাকেননি ব্রাজিল ভক্তরা। তাদের ঘোষণা, এবারের বিশ্বকাপে ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তাহলে পুরো গ্রামের মানুষকে গরু জবাই করে ভুরিভোজ করানো হবে।
প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ এই বিশাল পতাকা দেখতে আসছেন। অনেকেই পতাকার সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে। কনটেন্ট নির্মাতারাও এই পতাকাকে ঘিরে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করছেন।
একই গ্রামের ব্রাজিল সমর্থক ডা. আল আমিন বাবু জানান, প্রতি বিশ্বকাপেই তারা ব্রাজিলের সমর্থনে বড় আকারের পতাকা টাঙানোর চেষ্টা করেন। এবার গ্রামের সমর্থকদের সম্মিলিত উদ্যোগে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ পতাকা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, “ঠাঁকুরঝিপাড়া গ্রামের প্রায় ৮৫ শতাংশ মানুষ ব্রাজিলের সমর্থক। তাদের ভালোবাসা, আবেগ ও ঐক্যের প্রতীক হিসেবেই এই পতাকা টাঙানো হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকার ছবি দেখে তিনি সেখানে যান এবং একটি ভিডিও কনটেন্ট তৈরি করেন। পরে সেটি ফেসবুকে প্রকাশ করলে ব্যাপক সাড়া পাওয়া যায়।
বিশ্বকাপকে ঘিরে সিরাজগঞ্জের এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
প্রতিবেদকের নাম 


























