নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একটি ডিস্ট্রিবিউটর অফিসে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ, মোবাইল ফোন ও সিসি ক্যামেরার ডিভাইসসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অফিসের ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। এরপর তারা অফিসের কর্মীদের মারধর করে জিম্মি করে ফেলে। পরে ক্যাশ থেকে আনুমানিক ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন এবং সিসি ক্যামেরার ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।
ঘটনার পর আল আমিন অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।
সোনারগাঁ থানার ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিবেদকের নাম 























