আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদাররা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে লাভজনক পদে কর্মরত ব্যক্তি ও দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
আখতার আহমেদ আরও জানান, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন পর্যালোচনায় কিছু সংশোধনীর প্রস্তাব এসেছে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রতিবেদকের নাম 






















