হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলা চালিয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে এক্সিওস।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের লিমা উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এক অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করে বলেছিল, নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে।
হামলার শিকার জাহাজগুলোর একটি কাতারের এলএনজি শিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার আল রেকায়াত। প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হানে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, হামলার পর ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে অবস্থান নিয়েছেন।
ডব্লিউএসজে আরও জানিয়েছে, ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হয়।
সূত্র: রয়টার্স
প্রতিবেদকের নাম 

























