যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে নতুন একটি ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজ মালিকদের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা এসকর্ট দেওয়ার একটি ‘ভিআইপি পাস’ ধরনের ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এতে জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ পথ অতিক্রমের সময় অতিরিক্ত নিরাপত্তা সুবিধা দেওয়া হতে পারে।
সূত্রের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা এমন একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও নিরাপদ ও দ্রুত করা।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ভবিষ্যতে ‘টোলমুক্ত’ ও সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে একই সময়ে ইরান ওই প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে সেবার বিনিময়ে ফি আদায়ের ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বর্তমানে বীমা কোম্পানিগুলো হরমুজ প্রণালীকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করায় অনেক জাহাজ বীমা সুবিধা পাচ্ছে না। এ কারণে নিরাপত্তা ও বীমা কাভারেজ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে জাহাজ মালিকরা ফি দিয়ে মার্কিন নিরাপত্তা এসকর্টসহ দ্রুত ট্রানজিট সুবিধা পেতে পারেন—যা কার্যত একটি প্রিমিয়াম নিরাপত্তা সেবার মতো হবে।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার ওপর পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে।
প্রতিবেদকের নাম 




















