
জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমের ১ হাজার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে চূড়ান্ত নোটিশ জারি করেছে বোর্ড।
সোমবার (২০ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চূড়ান্ত তাগিদপত্রে এ তথ্য জানানো হয়।
বোর্ডের আদেশে বলা হয়েছে, জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমের আওতাধীন যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানকে আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত করা হবে না এবং পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে এর আগে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
সর্বশেষ ১ জুলাইয়ের চিঠিতে ১০ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হলেও ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের কোনোটি এখন পর্যন্ত বোর্ডে ব্যাখ্যা জমা দেয়নি।
বোর্ড জানিয়েছে, এটিকে চূড়ান্ত তাগিদ হিসেবে বিবেচনা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দেখিয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।
এরপর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন এবং সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদন বাতিলের প্রক্রিয়ায় থাকা ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























